হাওজা নিউজ এজেন্সি: বুধবার (২৫ নভেম্বর) বাসিজ সপ্তাহ উপলক্ষে বিশ্ববিদ্যালয়গুলোর বাসিজ গবেষণা কেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তাদের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের শাসনব্যবস্থায় প্রযুক্তিগত পরিবর্তনের প্রভাব নিয়ে সর্বোচ্চ নেতা বিশেষভাবে উদ্বিগ্ন। প্রযুক্তিগত পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাব হলো সরকারের পরিবর্তে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের হাতে নিয়ন্ত্রণ ও নীতিনির্ধারণের ক্ষমতা চলে যাওয়া। বর্তমানে কয়েকটি দেশে সরকারের প্রচলিত কাঠামোর বাইরে থেকেই অধিকাংশ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা শাসনব্যবস্থায় মৌলিক পরিবর্তনের ইঙ্গিত দেয়।
দেশের সমস্যা সমাধানে মেধাবীদের সক্ষমতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশের কোন সমস্যার সমাধানে আপনারা ভূমিকা রাখতে পারবেন এবং এ জন্য কী ধরনের সহযোগিতা প্রয়োজন, তা চিহ্নিত করাই হবে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ সহজ করে আপনাদের উদ্যোগ ও উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে সহযোগিতা করা সম্ভব।
তিনি আরও বলেন, যুদ্ধ শুরুর আগে ইসরায়েল প্রায় ৬০০টি জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানকে সংগঠিত করেছিল। আর্থিক সহায়তা দিয়ে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে নিজেদের প্রয়োজনীয় প্রযুক্তি উন্নয়নের উদ্যোগ নেয় দেশটি। যুদ্ধের সময় ইরান যে ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে, তার বড় একটি অংশের পেছনে এসব প্রতিষ্ঠানের পরিকল্পনা, কার্যক্রম ও প্রযুক্তিগত সক্ষমতা ভূমিকা রেখেছে। অন্যদিকে, মেধাবী জনশক্তি ও জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা কাজে লাগিয়ে ইরানও বিশেষ করে রমজান যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে সক্ষম হয়েছে।
প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে তরুণ প্রতিভা চিহ্নিত করা এবং তাদের বিকাশের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মোখবার বলেন, এ লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব শিক্ষার্থীর অনেকের মধ্যেই অসাধারণ দক্ষতা রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তাঁদের পারদর্শিতা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদেরও ছাড়িয়ে যাচ্ছে।
তিনি জানান, বর্তমানে বিভিন্ন উপায়ে প্রায় এক লাখ মানুষ ‘ইরান পেশরাফতে’ (উন্নত ইরান) ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত রয়েছেন। দক্ষ জনশক্তি গড়ে তুলতেও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর একটি প্রকল্পের আওতায় ইতোমধ্যে প্রায় ২৫০ থেকে ৩০০ জন শিক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে এ সংখ্যা প্রায় দুই হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, এসব উদ্যোগের উদ্দেশ্য কেবল সরাসরি কার্যক্রম পরিচালনা করা নয়; বরং এমন একটি কার্যকর মডেল তৈরি করা, যাতে অন্যান্য প্রতিষ্ঠান ও বিজ্ঞান-প্রযুক্তি কেন্দ্রও একই ধরনের উদ্যোগ নিতে পারে। দক্ষ জনশক্তি গড়ে তোলার বিষয়টিকে শুধু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা উচিত নয়। এর মাধ্যমে প্রতিভার বিকাশ এবং দেশের নতুন সক্ষমতা তৈরির সুযোগ সৃষ্টি করতে হবে।
দেশের সংকট মোকাবিলার সক্ষমতা বাড়াতে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ইমাম খোমেনি (রহ.) ও সর্বোচ্চ নেতার গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর একটি ছিল এমন কিছু প্রতিষ্ঠান গড়ে তোলা, যেগুলো দেশের যেকোনো সংকট বা ঘাটতির সময় এগিয়ে আসতে পারে। পুনর্গঠন, উন্নয়ন, বিজ্ঞান, প্রযুক্তি ও প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে এসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ উদ্যোগের বিভিন্ন দিক যথাযথভাবে পর্যালোচনা করা প্রয়োজন।
প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাসিজের দায়িত্ব পুনর্নির্ধারণের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর শাসনব্যবস্থার জন্য বাসিজকে প্রস্তুত হতে হবে। অতীতের দৃষ্টিভঙ্গি ও দায়িত্ব নিয়ে বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। অতীতে যেভাবে বাসিজ বিভিন্ন ক্ষেত্রে দেশের প্রয়োজনে এগিয়ে এসেছিল, বর্তমানেও নতুন চাহিদা ও প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তাকে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে গবেষণা কেন্দ্রগুলোর দায়িত্ব তুলে ধরে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের কাজ হলো দেশের ভবিষ্যৎ শুধু অনুমান করা নয়, বরং তা গড়ে তোলার পথ তৈরি করা। ভবিষ্যৎ অনুমান করার অর্থ হলো বিদ্যমান প্রবণতাগুলো বিশ্লেষণ করে সম্ভাব্য পরিণতি নির্ধারণ করা। আর ভবিষ্যৎ গড়ে তোলার অর্থ হলো আগামীর পথ নির্ধারণ করে কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়নের পরিকল্পনা তৈরি করা।
তিনি বলেন, ইমাম খোমেনি (রহ.)-ও একই দৃষ্টিভঙ্গি অনুসরণ করেছিলেন। কাঙ্ক্ষিত ভবিষ্যতের রূপরেখা তৈরি করেই তিনি বিপ্লবের অগ্রযাত্রার পথ দেখিয়েছিলেন।
আপনার কমেন্ট